বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, দুই মাস পর অভিযুক্ত যুবকে গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি রংপুর:
রংপুরের হারাগাছে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামি আজমাইন আব্দুল্লাহ উৎসকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটির দুই মাস পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো।
মঙ্গলবার (২৮ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ধর্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বিয়ের নাটক সাজিয়ে এবং বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে উক্ত কলেজছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা ও ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী নারী এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করলে অভিযুক্ত আসামি আত্মগোপনে চলে যান।
দীর্ঘ অনুসন্ধানের পর আরপিএমপি হারাগাছ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে হারাগাছ থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।